কার্যালয়কে বাড়ি বানিয়ে বসবাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতল ভবনের ওপরের তলার একপাশের চারটি কক্ষে পরিবারটির বাস। সামনে রশিতে ঝোলানো জামাকাপড়। রান্নার জন্য রয়েছে চুলা। আছে হাঁড়ি-পাতিলসহ সবই। এটি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন। বছর তিনেক আগে ভবনটি নির্মাণ করা হয়। এর কিছুদিন পর থেকেই ইউপি চেয়ারম্যান সিরাজউদ্দিন তাঁর পরিবার নিয়ে ভবনের একটি অংশে বসবাস করে আসছেন।নাম প্রকাশ না করার শর্তে আলামপুর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, পরিষদের নবনির্মিত ভবনের প্রায় পুরোটাই এখন চেয়ারম্যানের দখলে। দোতলার চারটি কক্ষই তিনি বসবাসের জন্য ব্যবহার করছেন। ভবনের নিচের কয়েকটি কক্ষও বিভিন্ন সময়ে তিনি নিজের কাজে ব্যবহার করছেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, স্থানীয় পর্যায়ের মানুষকে সেবা পৌঁছে দিতে সরকার প্রতিটি ইউনিয়নে আধুনিক ইউপি ভবন নির্মাণ করছে। এ ভবনে স্থানীয় সরকারের প্রায় সব কার্যালয় থাকবে। সেখানে প্রতিটি দপ্তরের একজন করে ব্যক্তি দায়িত্ব পালন করবেন। প্রাণিসম্পদ অধিদপ্তর, আনসার ও ভিডিপি, জনস্বাস্থ্য ও প্রকৌশল, বিআরডিবি, এলজিইডি, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ভূমি কার্যালয়ের একজন করে কর্মকর্তা নিয়মিত অফিস করবেন এখানে। এলাকার সাধারণ মানুষ শহরে না এসেই যেন সেবা নিতে পারেন, সে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে এসব ভবন।এ ব্যাপারে সিরাজ উদ্দিন গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে জানান, আড়াই বছর ধরে তিনি তাঁর দশম শ্রেণীপড়ুয়া মেয়েকে নিয়ে ওই ভবনে বসবাস করছেন। তাঁর নিজের বাড়ি থেকে ইউপি কার্যালয়ের দূরত্ব প্রায় চার কিলোমিটার। কাজ ও মানুষের সুবিধার্থে তিনি ভবনটিতে আছেন বলে দাবি করেন। তিনি আরও দাবি করেন, তাঁর জন্য দুটি কক্ষ বরাদ্দ রয়েছে। তাই তিনি পরিবার নিয়ে সেখানে বাস করছেন। কেউ অভিযোগ করলে তিনি ভবন ছেড়ে দেবেন।কুষ্টিয়া সদরের ইউএনও মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ইউপি ভবনে চেয়ারম্যান পরিবার নিয়ে বাস করতে পারেন না। ১৫ দিন আগেও ভবন ছেড়ে দেওয়ার জন্য তাঁকে মৌখিকভাবে বলা হয়েছিল। এ ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।