কার্যালয়টি না সরানোর দাবি জনপ্রতিনিধিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগে বিভাগের ছয় জেলার পানীয়জল ও পয়োনিষ্কাশন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও সরকারি সিদ্ধান্তে বরিশাল জনস্বাস্থ্য সার্কেল কার্যালয়টি গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এর বিরোধিতা করে এই অঞ্চলের জনপ্রতিনিধিরা প্রয়োজনে আন্দোলনের কথা বলছেন।সার্কেলটি এখান থেকে না সরিয়ে বরং রাজস্ব খাতে নেওয়ার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ। জাতীয় পার্টির মহাসচিব ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ১৯৮৩-৮৪ সালে দক্ষিণাঞ্চলে ডায়রিয়া মহামারি আকার ধারণ করলে দ্রুত গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে তা মোকাবিলা করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই কার্যালয়টি কোনোক্রমেই স্থানান্তর করা চলবে না।বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ ও বিএনপির নেতা মজিবর রহমান সরোয়ার বলেন, প্রাকৃতিক দুর্যোগের এলাকা বরিশাল অঞ্চলে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভূমিকা অনস্বীকার্য। এটি সরিয়ে নিলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়বে।বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝারা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, কার্যালয়টি স্থানান্তর নয়, এর সঙ্গে নতুন প্রকল্প যোগ করতে হবে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাংসদ মনিরুল ইসলাম বলেন, কার্যালয়টি সরিয়ে নেওয়ার প্রশ্নই উঠতে পারে না, বরং আরও উন্নত প্রযুক্তি যোগ করা উচিত। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাংসদ ও জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া বলেন, এটি সরিয়ে নিলে তা হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ) আসনের সাংসদ ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মেজবাহউদ্দিন ফরহাদ বলেন, সব বিভাগীয় শহরে সব দপ্তর থাকবে এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু নতুন দপ্তর স্থাপন না করে সরকার আরও একটি কার্যালয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা ক্ষুব্ধ।এ ব্যাপারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে পুরোনো এই প্রতিষ্ঠানটি যাতে স্থানান্তর করা না হয়, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি জেনে তিনি মন্ত্রণালয়ে আলোচনা করেছেন।