সিরাজগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠার পর গতকাল মঙ্গলবারও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। সিভিল সার্জনও কার্যালয়ে আসেননি। এর পরিপ্রেক্ষিতে গতকাল স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম সিভিল সার্জন মো. নাজিমুদ্দীন খানকে সিরাজগঞ্জ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য জরুরি চিঠি পাঠিয়েছেন।সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আবুল ফরায়েজ জানান, পত্রপত্রিকায় যাঁদের নাম এসেছে, তাঁরাসহ নিয়োগসংশ্লিষ্ট কাজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কেউই কার্যালয়ে আসেননি। বর্তমানে কার্যালয়ের সার্বিক কাজকর্ম স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।এদিকে নিয়োগ-বাণিজ্যের ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হলেও সিভিল সার্জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হচ্ছে। সিভিল সার্জনকে চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুল ইসলাম বলেন, সিভিল সার্জন নাজিমুদ্দীনকে সিরাজগঞ্জের নিজ কার্যালয়ে জরুরি ভিত্তিতে উপস্থিত হওয়ার জন্য গতকাল চিঠি পাঠানো হয়েছে। তিনি ৮ ও ৯ ডিসেম্বর প্রশিক্ষণে ঢাকায় এবং ১০ ডিসেম্বর থেকে সাতক্ষীরায় একটি সাক্ষ্য দেওয়ার কথা বলে কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।প্রসঙ্গত, তিন লাখ টাকা উৎকোচ দিয়েও চাকরি না হওয়ায় সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে গত শুক্রবার সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন লক্ষ্মী রানী নামের আয়া পদের একজন চাকরিপ্রার্থী।