কার্যালয়ে ঢুকে এলজিইডির প্রকৌশলীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে ঢুকে নির্বাহী প্রকৌশলী মো. রাকিব-উল-আলমকে পিটিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার বিকেলের ওই ঘটনার পর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রকোশলী। রাতেই এ ব্যাপারে সদর থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।ঝিনাইদহ এলজিইডির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে যুবলীগ পরিচয় দিয়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী এলজিইডি ভবনে ঢুকে বিভিন্ন কক্ষে খোঁজ করতে থাকে। এ সময় হইচই পড়ে যায়। একপর্যায়ে সন্ত্রাসীরা নির্বাহী প্রকৌশলী রাকিব-উল-আলমের কক্ষে ঢুকে তাঁকে বেদম মারধর ও পেপার ওয়েট দিয়ে মাথায় আঘাত করে। তছনছ করে গুরুত্বপূর্ণ ফাইল। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর কর্মচারীরা প্রকৌশলীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় চলে যান।জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি নাসের আলম সিদ্দিকী অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী শনিবার অফিস বন্ধের দিনে উৎকোচের বিনিময়ে পছন্দের কয়েকজন ঠিকাদারকে পাওনা পরিশোধ করছিলেন। এ সময় তিনি বরাদ্দ আসা টাকা সবার মধ্যে বিতরণের অনুরোধ করেছিলেন। তিনি নিজেও কিছু টাকা পাবেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী তাঁদের কথা না শুনে ইচ্ছা অনুযায়ী বিল পরিশোধ করার চেষ্টা করলে বিকেলে কয়েকজন ঠিকাদারের সঙ্গে তাঁর (প্রকৌশলী) বাগিবতণ্ডা হয়। পরে ধাক্কাধাক্কি হলে একপর্যায়ে মেঝেতে পড়ে যান প্রকৌশলী। এতে তাঁর মাথা ফেটে যায়। নাসের দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তা ছাড়া এটি যুবলীগের কোনো বিষয় নয়, ঠিকাদারদের বিষয়।হামলা ও নাসেরের অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি প্রকৌশলী রাকিব। শনিবার ঘটনার পর থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত তাঁর মুঠোফোন বন্ধ ছিল।মামলার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মারধরের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।