ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কার্যালয়ে ঢুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ওই বিভাগে কর্মরত ঊর্ধ্বতন সহকারী জালাল উদ্দিনকে মারধর করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ইতিহাস বিভাগের একজন কর্মচারী জানান, বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমানের নেতৃত্বে চার-পাঁচজন বহিরাগত সন্ত্রাসী বিভাগের কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে সেমিনার লাইব্রেরির ঊর্ধ্বতন সহকারী জালাল উদ্দিনকে মারধর করে হাত ভেঙে দেয় তারা। তাৎক্ষণিকভাবে জালাল উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক এমতাজ হোসেন উপাচার্য বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন। অভিযোগের ব্যাপারে আশিকুর রহমান বলেন, ‘দুর্নীতির মাধ্যমে ভর্তির কার্যক্রম চলছিল। সাধারণ ছাত্ররা তার প্রতিবাদ করেছেমাত্র। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।