কাল অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার দেশের ১৭তম প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম অবসরে যাচ্ছেন। আজ রোববার তাঁর শেষ কর্মদিবস।বিদায়ী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে আজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ৮ ফেব্রুয়ারি বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। এদিন সকালে বঙ্গবভনে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।এর আগে ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শ ম রেজাউল করিম প্রথম আলোকে জানান, নতুন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে সোমবার সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর দেশের ১৭তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে নিয়োগ দেওয়া হয় এবং ২৩ ডিসেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়। তিনি ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ খুনির আপিলের ওপর গত বছরের ১৯ নভেম্বর রায় দিয়েছিলেন। ২৭ জানুয়ারি খুনিদের রায় পুনর্বিবেচনার আবেদনের নিষ্পত্তি করেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির বিশেষ বেঞ্চ। মাত্র ৪৭ দিন দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ২ ফেব্রুয়ারি আলোচিত পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ চারজনের করা লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন।