কাল আ. লীগের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ। আগামীকাল বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে জানান, ‘সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাম্প্রতিক রাজনৈতিক নানা বিষয়ে বক্তব্য রাখবেন।’
গতকাল বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দেওয়া নির্বাচনকালীন সরকারের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সৈয়দ আশরাফ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
গণভবনে ১৪ দলের সভা: গণভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রীয় ১৪ দলের সভা ডাকা হয়েছে।
সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী।
১৮ অক্টোবর নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন দিনের মাথায় গতকাল ২১ অক্টোবর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা ২০ উপদেষ্টার মধ্য থেকে আওয়ামী লীগ পাঁচজন ও বিএনপি পাঁচজনের নাম প্রস্তাব করে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। এই প্রস্তাব দেওয়ার পরদিন আজ বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি পাঠিয়েছেন।