কাল আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামীকাল সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাল আদালতে যেতে পারবেন না।

এর আগে ১০ ডিসেম্বরও অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে অনুপস্থিত ছিলেন। সেদিন তাঁর অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় সোনালী ব্যাংক লালমাটিয়া শাখার মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) আবদুল গফুরসহ চারজন আদালতে সাক্ষ্য দেন। আদালত ২১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার বিচারকাজ চলছে।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুদকের উপপরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুদক ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।