কাল আদালতে যাবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছবি
খালেদা জিয়া । ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় হাজিরা দেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলা দুটি ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে বিচারকাজ চলছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হলেন আবু আহমেদ জমাদার।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর আদালত বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করা হয়েছে। এদিন আদালতে হাজির না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন।

২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুদক ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।