কাল আদালতে যাবেন খালেদা জিয়া
দুর্নীতির মামলায় হাজিরা দিতে কাল সোমবার ঢাকা আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য আছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার প্রথম আলোকে জানান, কাল সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন আদালতে যাবেন।
গত বৃহস্পতিবার এই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। সেদিন তিনি আদালতে হাজির না হলে তাঁর জামিন বাতিল করা হতে পারে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য আছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অপর চার আসামি হলেন সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।