কাল আদালতে হাজির হবেন খালেদা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির হবেন। আজ বুধবার তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে এ তথ্য জানান।
গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তাঁর আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়।
খালেদার অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সেদিন আবারও সময় চেয়ে আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ঠিক করে দিয়ে ওই দিন খালেদাকে হাজির হতে নির্দেশ দেন। নতুবা তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও আদালত জানান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী। প্রথম দুজন জামিনে আছেন। হারিছ চৌধুরী পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।