কাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যাত্রা শুরু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে ভবন চত্বরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।প্রায় ছয় বছর বন্ধ থাকার পর শেষ হয়েছে ইনস্টিটিউটের ভবন নির্মাণের কাজ। বিশ্বের সব মাতৃভাষা নিয়ে গবেষণা এবং সেই সঙ্গে সেগুলোর উন্নয়ন, সংরক্ষণ ও বিলুপ্তি থেকে রক্ষা করতে ২০০১ সালে এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর পল্টনের উত্সব-সমাবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তত্কালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে ১ দশমিক ০৩ একর জমির ওপর এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০০৩ সালের ১ এপ্রিল ভবনের নির্মাণকাজ শুরু হলেও বিএনপি-জামায়াত জোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও দলীয় সংকীর্ণতার কারণে ৩০ সেপ্টেম্বর থেকে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ছয় বছর নির্মাণকাজ বন্ধ থাকার পর প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করে কাজ শুরু করা হয়।শিক্ষামন্ত্রী আরও বলেন, কাজ বন্ধ থাকায় নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে যায়। ১২ তলা ভিত্তির ওপর পাঁচতলা ভবন নির্মাণে সাড়ে ১৯ কোটি টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও বর্তমানে সেখানে তিনতলা তৈরি করতেই সাড়ে ১৭ কোটি টাকা লেগেছে। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের আশা, পৃথিবীর সব ভাষার চর্চা ও সংরক্ষণের জন্য এ প্রতিষ্ঠান আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে বিলুপ্তপ্রায় ভাষাগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য কাজ করতে হবে। এ জন্য ইউনেসকোসহ যেসব প্রতিষ্ঠান মাতৃভাষা নিয়ে কাজ করে, তাদের সম্পৃক্ত করা হবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, পরিকল্পনাপ্রধান নুরুল হক মজুমদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মিজানুল করিম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আবদুল মান্নান প্রমুখ।