কাল আবার চালু হচ্ছে ঈশ্বরদী বিমানবন্দর
কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে কাল বুধবার ঈশ্বরদী বিমানবন্দর আবার চালু হতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর এই বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ ছিল। এখন এই বিমানবন্দর দিয়ে সপ্তাহে দুই দিন ঢাকা-ঈশ্বরদী-ঢাকায় বিমান চলাচল করবে।
ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, বিমানবন্দর চালুর জন্য টার্মিনাল ভবন ও আবহাওয়া কার্যালয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।
ইউনাইটেড এয়ারওয়েজের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রথমে ঢাকা থেকে ঈশ্বরদীর উদ্দেশে একটি বিমান উড্ডয়ন করবে। ইউনাইটেড এয়ারওয়েজের এই ফ্লাইটের অতিথিরা ওই দিন ঈশ্বরদী বিমানবন্দরে নামবেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে ঈশ্বরদী পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।’ তিনি জানান, সপ্তাহে শনি ও সোমবার দুটি ফ্লাইট ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদীতে চলাচল করবে। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে ন্যূনতম চার হাজার টাকা।