কাল আবার নূর হোসেনকে আদালতে তোলা হবে
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সহযোগীকে ১৪ দিনের কারাবাস শেষে আগামীকাল শনিবার আবারও আদালতে তোলা হবে।
২ আগস্ট মামলার শুনানি শেষে নূর হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে শনিবার দুপুরে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে শুনানির জন্য তাঁকে তোলা হবে।
শনিবার নূর হোসেন জামিনের আবেদন করবেন কি না—এ বিষয়ে নিশ্চিত জানা যায়নি। গ্রেপ্তারের পর দুই মাস অতিবাহিত হলেও এখনো নূর হোসেন জামিনের আবেদন করেননি। ২ আগস্ট শুনানির জন্য আদালতে হাজির হওয়ার আগে নূর হোসেন সাংবাদিকদের বলেছিলেন, তাঁর স্বজনেরা কলকাতায় এসেছেন। এবার তিনি তাঁদের সঙ্গে কথা বলে জামিনের আবেদন করবেন। এরই মধ্যে নূর হোসেনের স্বজনেরা কারাগারে গিয়ে দেখা করেছেন নূর হোসেন ও তাঁর সঙ্গীদের সঙ্গে।
এদিকে নূর হোসেনের সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম জামিনের আবেদন জানালেও এখনো তাঁরা জামিন পাননি।
গত ১৪ জুন রাতে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সহযোগীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করে।