কাল আবুলের বাঁ হাতে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি

বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের ‘অন্যান্য শারীরিক’ অবস্থা ভালো থাকলে আগামীকাল শনিবার তাঁর বাঁ হাতে অস্ত্রোপচার হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা এ কথা জানিয়েছেন।
আবুল বাজনদারকে ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছেন। রোগটি ‘ট্রি ম্যান’ সিনড্রম নামে পরিচিত। এতে তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা শিকড়ের মতো জটের আকার ধারণ করেছে। গত ২০ ফেব্রুয়ারি তাঁর ডান হাতে অস্ত্রোপচার করে জটমুক্ত করেন চিকিৎসকেরা।
এদিকে রংপুরের একই পরিবারের তিনজন ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা। চিকিৎসকেরা বলছেন, আগামীকাল এই তিনজনের নমুনা নিয়ে বায়োপসি পরীক্ষা করতে দেওয়া হবে। পরীক্ষার ফল পাওয়ার পর এঁদের রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ৯ মার্চ এই তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়
মেডিকেল বোর্ড আবুল বাজনদারের শারীরিক পরিস্থিতি ও চিকিৎসার অগ্রগতি নিয়ে গত বুধবার সভা করে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী শনিবার আবুলের বাঁ হাতে অস্ত্রোপচার করা হবে।
তবে আবুলের যকৃতে সংক্রমণ আছে। গতকাল তাঁর রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছে। সরকারি মেডিকেল কলেজগুলোর বার্ন ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, পরীক্ষার ফল ইতিবাচক হলে শনিবারেই আবুলের অস্ত্রোপচার হবে।
আবুল ঠিক কোন ধরনের ভাইরাসে আক্রান্ত তা এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় গত মাসে তাঁর রক্ত ও টিস্যুর নমুনা যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগারে পাঠিয়েছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই পরীক্ষার ফলাফল এখনো হাতে আসেনি বলে জানিয়েছেন সামন্ত লাল সেন।
এদিকে আবুল বাজনদারের পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আগামী এক বছরের জন্য তারা এই সহায়তা দেবে। গত মঙ্গলবার বার্ন ইউনিটে প্রথম মাসের টাকা আবুল বাজনদারের হাতে তুলে দেন প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রধান হামিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সামন্ত লাল সেন এবং বার্ন ইউনিটের পরিচালক আবুল কালাম আজাদ।