কাল আরও ৯ ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় নতুন করে আরও নয়জন ব্যাংক কর্মকর্তাকে আগামীকাল সোমবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে তাঁরা হলেন—সোনালী ব্যাংকের জিএম অফিসের সিনিয়র অফিসার (আইটি) মো. শফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. আজিজুল হক, মো. সোহরাব হোসেন ও এ কে এম মনসুর রহমান মালিক, চকবাজার শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবুল বাশার, প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার মো. আসাদুজ্জামান ও মিসেস হালিমা আহমেদ এবং নারায়ণগঞ্জ প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মোখলেছুর রহমান। উল্লিখিত কর্মকর্তাদের সকাল ১০টায় হাজির হওয়ার নোটিশ দিয়েছে দুদক কর্তৃপক্ষ।

এদিকে আজ রোববার একই ঘটনায় নয়জনকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও দুদকে এসেছিলেন ছয়জন। তাঁরা হলেন সোনালী ব্যাংকের জিএম আ ন ম মাসরুরুল হুদা সিরাজী, সাবেক জিএম সবিতা সিরাজ, এজিএম আশরাফ আলী পাটোয়ারী, মো. কামরুল হোসেন খান, ধানমন্ডি শাখার এসইও মেহেরুন্নেসা ওরফে মেরী ও এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আবদুল মতিন। তবে জিজ্ঞাসাবাদে উপস্থিত হননি সোনালী ব্যাংকের জিএম ননী গোপাল নাথ, মো. সাইফুল হাসান ও মো. খুরশীদ আলম। তাঁদের মধ্যে মো. কামরুল হোসেন খান, মোহাম্মদ আবদুল মতিন, মেহেরুন্নেসা, ননী গোপাল নাথ ও মো. সাইফুল হাসান হল-মার্কের ১১ মামলার অভিযোগপত্রের আসামি।

প্রধান তদন্ত কর্মকর্তা ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলী জানান, এ ঘটনায় ৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সাত কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত পাঁচ প্রতিষ্ঠানের পলাতক ১৩ কর্মকর্তাকে ২ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তাঁরা কেউই উপস্থিত হননি।

দুদক সূত্র জানিয়েছে, সোনালী ব্যাংক হোটেল রূপসী বাংলা শাখা থেকে ননফান্ডেড প্রায় ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে হল-মার্কসহ পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক আরও ২৭টি মামলা দায়ের করেছে। মামলা তদন্তের স্বার্থে নতুন করে জিজ্ঞাসাবাদ চলছে।

হল-মার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করছে দুদক। চলতি বছরের ১ জানুয়ারি ননফান্ডেড ৩৫০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকা আত্মসাতের দায়ে ২৬ মামলা এবং পরবর্তীকালে আরও একটি মামলা দায়ের করে দুদক। আর গত ৭ অক্টোবর ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে ১১ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।