কাল আসছি বাংলা একাডেমি চত্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

কাল শুক্রবার প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলাটা বসছে বাংলা একাডেমি চত্বরে। সকাল ১০টায় একদল তরুণ তারকা উদ্বোধন করবেন এই ‘উৎসব ১৬ আনা: ১৬ পেরিয়ে, সীমানা ছাড়িয়ে’ শীর্ষক পাঠকমেলার।
প্রথম আলোর প্রতীকচিহ্নটা রচনা করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। ১৬ বছর আগে সেপ্টেম্বর-অক্টোবর মাসে আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম। পত্রিকার নাম কী হবে? যখন সিদ্ধান্ত হলো, প্রথম আলো, সেটা সবাই যে একবাক্যে মেনে নিয়েছিলেন, তা নয়। এটা কি পত্রিকার নাম হতে পারে? কিন্তু শেক্সপিয়ার সাহেবের কথা তো অভ্রান্ত, নামে কী এসে যায়, গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন... আজ মনে হয়, প্রথম আলোর চেয়ে সুন্দর নাম আর কী হতে পারে। ভোরের প্রথম রশ্মির মতো প্রথম আলো এসে পড়বে বাংলার ঘরে ঘরে। কাইয়ুম চৌধুরী প্রথম আলোর প্রতীকে লাল সূর্য আর রশ্মি জুড়ে দিয়ে এটাকে একেবারে অনন্য করে দিলেন। কিন্তু তখন কি আমরা জানতাম, এই সূর্য কেবল বাংলার ঘরে ঘরে নয়, সারা পৃথিবীতে বাঙালির ঘরে ঘরে প্রথম আলোর চরণধ্বনি বাজাবে?
প্রথম আলোর সূর্য কিন্তু কখনো অস্ত যায় না। সবার আগে প্রথম আলো পড়েন প্রবাসীরা, অস্ট্রেলিয়ায় খুব ভোরে, আমেরিকায় আগের দিন দুপুরে, ইউরোপে আগের দিন সন্ধ্যায়। হ্যাঁ, প্রথম আলো ডটকমের মাধ্যমে।
কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রচারসংখ্যা প্রথম আলোর সোয়া পাঁচ লাখের চেয়ে ঢের বেশি। কিন্তু কাগজ আর অনলাইন মিলিয়ে? প্রথম আলো পৃথিবীর এক নম্বর বাংলা ওয়েব পোর্টাল। বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন বাঙালিরা, এভাবেই বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে প্রথম আলো। আমরা পৃথিবীকে বাংলায় এনে দিচ্ছি আপনার ঘরে, আবার বাংলাকে নিয়ে যাচ্ছি পৃথিবীর দেশে দেশে।
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঠক-লেখক মিলনমেলার জন্য সবচেয়ে ভালো জায়গা তাই বাংলা একাডেমি।
জয়া আহসান, চঞ্চল চৌধুরী, তিশা থেকে ক্রিকেটার নাসির বা তাসকিন—এই রকম তরুণেরাই মেলার উদ্বোধক কিংবা আলোচক। বাপ্পা মজুমদারের নেতৃত্বে থাকবে প্রথম আলোর গান কিংবা দেশের গান। তবে সারা দিনই জনপ্রিয় তারকাশিল্পীরা আসবেন, কেউ গাইবেন, কেউ কথা বলবেন! মমতাজ, মাহমুদুজ্জামান বাবু, হামিন আহমেদ, শাফিন আহমেদ, কৃষ্ণকলি, কনা, কোনালের মতো শিল্পীরা আসবেন দিনজুড়ে। আসবেন বিখ্যাত মডেল কিংবা রন্ধনশিল্পী, মনোবিদ কিংবা সৌন্দর্যবিশেষজ্ঞরা। হয়তো হয়ে যাবে একটা ফ্যাশন শো, অনানুষ্ঠানিকই, নকশা পাতার আয়োজনে। হয়তো দেখা মিলে যাবে প্রিয় কোনো লেখকের, সৈয়দ আবুল মকসুদ কিংবা সৈয়দ মনজুরুল ইসলাম—অনুরোধ করলে একটা স্বাক্ষর কিংবা সেলফি কি পাওয়া যাবে না?
প্রথম আলো মুখোমুখি হবে পাঠকের, পাঠকদের প্রশ্নের জবাব দেবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকেরা। সারা দিন ধরে চলবে প্রথম আলোর নানা অনুষ্ঠানের অডিও ভিডিও প্রদর্শন। বইমেলায় প্রথমা বই বিক্রি করবে ৭০% পর্যন্ত মূল্য ছাড় দিয়ে। প্রথম আলোর ফিচার পাতাগুলো বসবে স্টল সাজিয়ে, রস+আলোর দিকে নজর রাখা উচিত হবে বিশেষভাবে। শিশুদের জন্য পাহাড়ে ওঠার ব্যবস্থা কি রাখবে না গোল্লাছুট পাতা। কিংবা ২০২৪ সালের প্রথম আলোই বা কেমন হবে, বাংলাদেশকেই বা কোথায় দেখতে চাই, এটা নিয়ে একটা টক শো যদি হয়েই যায়, তার নাম নাহয় দিলাম না+টক শো! শিশিরের কার্টুন আর আলোকচিত্রের একটা প্রদর্শনীও তো থাকা উচিত। ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সময়টা, দুপুরের বিরতির আগে ও পরে, প্রথম আলোর সঙ্গে বাংলা ও বাঙালির তীর্থ বাংলা একাডেমিতেই কাটাতে হবে কাল।
২১৩টির বেশি দেশে পড়া হয় প্রথম আলো, তার মানে বাঙালিরা আছেন এতগুলো দেশে, আর তাঁদের হৃদয়ে আছে বাংলাদেশ, তা না হলে তাঁরা কেন পড়বেন দেশের এই কাগজটি। আজকে কাতার সংস্করণ বের করছে প্রথম আলো, ২০২৪-এ কি মঙ্গলগ্রহ সংস্করণ বের করতে হবে? আচ্ছা, আমি কি একটা সেলফি তুলব না আমার প্রিয় কোনো তারকা কিংবা লেখকের সঙ্গে? সেটা কি সঙ্গে সঙ্গে পোস্ট করা হবে প্রথম আলোর ফেসবুক পাতায়, যা কিনা দেশের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক ফেসবুক পাতা (৩৪ লক্ষাধিক লাইকস)? তা যদি হয়, আমি নকশার স্টলে কানিজ আলমাস খানের টিপস নিয়ে তার পরেই ক্যামেরার সামনে দাঁড়াব।