কাল আসছেন জয়শঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুব্রামানিয়াম জয়শঙ্কর
সুব্রামানিয়াম জয়শঙ্কর

ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এক দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। কাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি আজ রোববার জানায়, সুব্রামানিয়াম জয়শঙ্কর বেলা সোয়া ১১টার দিকে মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই দ্বিপক্ষীয় বৈঠকের পর বেলা তিনটার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আর সন্ধ্যা ছয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।
গত ২৯ জানুয়ারি ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর। এরপর সার্কের চারটি দেশের যাত্রার অংশ হিসেবে ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্ক যাত্রা শুরু হয়েছে। এর পরই তিনি বাংলাদেশে আসছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দেশের সরকারপ্রধানকে ফোন করে শুভেচ্ছা জানান। ওই দিন মোদি তাঁর টুইটে জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে তিনি জয়শঙ্করকে ‘সার্ক যাত্রা’য় সার্কভুক্ত দেশগুলোতে পাঠাবেন।