কাল আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট আগামীকাল রোববার ঢাকা আসছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার পর তিনি তাঁর কার্যক্রম শুরু করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরের দিকে মার্সিয়া বার্নিকাটের ঢাকায় পৌঁছানোর কথা। রাজনৈতিক অস্থিরতা চলাকালে ঢাকায় আসছেন মার্সিয়া বার্নিকাট। আর গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এখনো কাটেনি।
গত বছরের ২২ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে মার্সিয়া বার্নিকাটকে মনোনীত করেন। গত বছরের ১৭ জুলাই মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে অংশ নিয়ে মার্সিয়া বার্নিকাট ৫ জানুয়ারির নির্বাচনকে ‘সন্দেহাতীতভাবে ত্রুটিপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি বাংলাদেশে আরও বেশি প্রতিনিধিত্বমূলক সরকার নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে তিনি সংলাপে বসায় আহ্বান জানান। শুনানিতে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।
মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার পর গত ১৭ নভেম্বর বারাক ওবামা তাঁর মনোনয়ন চূড়ান্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্সিয়া বার্নিকাট ৬ জানুয়ারি ওয়াশিংটনে শপথ নিয়েছেন।
নিয়োগ চূড়ান্ত হওয়ার পর মার্সিয়া বার্নিকাট তাঁর টুইট অ্যাকাউন্টে বলেন, ‘আমি ঢাকায় মার্কিন দূতাবাসের সহকর্মীদের সঙ্গে যোগ দিয়ে তাঁদের কাছ থেকে বাংলাদেশের জনগণ, দেশটির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার অপেক্ষায় আছি।’