সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমায়াত। পরদিন রোববার একই জায়গায় সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জমায়াতের সমম্বয় কমিটির সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার এ ঘোষণা দেন।
ঘটনার ১৬ দিন পরেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাধ্য হয়ে শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি এবং পরদিন একই জায়গায় ওলামা-মাশায়েখ ছাড়াও পেশাজীবী ও বুদ্ধিজীবী সমাবেশ করা হবে। রোববারের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জমায়াতের প্রধান সমন্বয়ক এম এ মতিন, সৈয়দ মসিহুদ্দৌলা, পেয়ার মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।