রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার পর বাঙালি আদিবাসী সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে। এ পরিপ্রেক্ষিতে ১৭ দিন বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ খুলে দেওয়া হচ্ছে। অপর দিকে আদিবাসীরা শহরের সবচেয়ে পুরাতন বাজার তবলছড়ি এবং বনরূপার বিএম শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেট বর্জন অব্যাহত রাখবে বলে জানা গেছে।গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজে সংঘটিত সহিংস ঘটনার পর রাঙামাটি শহরে বাঙালি আদিবাসী সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী ছাড়াও কলেজের শিক্ষক, কর্মচারী, চিকিৎসক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬০ জনের বেশি নিরীহ আদিবাসী বাঙালি আহত হন। ওই পরিপ্রেক্ষিতে রাঙামাটি সরকারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। গতকাল মঙ্গলবার রাঙামাটি সরকারি কলেজ কর্তৃপক্ষ তিনটি ছাত্র সংগঠনের নেতা এবং সেনা ও সাধারণ প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে সভা করে বৃহস্পতিবার থেকে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে শিক্ষক পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় সভা শুরু হয়।সভায় কলেজের শিক্ষকেরা ছাড়াও সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর বশিরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদল ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা ও কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি: সহিংস ঘটনা তদন্তে রাঙামাটি জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের গঠিত দুটি তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। ঘটনার দিন রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির মেয়াদ ছিল সাত কর্মদিবস। সে মেয়াদ শেষ হওয়ার পর কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও সাত কর্মদিবস বাড়ানো হয়েছে। যোগাযোগ করা হলে কমিটির প্রধান মো. মোস্তাফিজুর রহমান কমিটির সর্বশেষ মেয়াদ কাল বৃহস্পতিবার শেষ হচ্ছে বলে নিশ্চিত করেন। রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মফিজ আহমদের নেতৃত্বে গঠিত কমিটির নির্ধারিত ১৫ দিন মেয়াদ শেষ হওয়ার পর আর ১০ দিন বাড়ানো হয়েছে। সেই হিসাবে ১৮ অক্টোবর কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। বাজার ও মার্কেট বর্জন অব্যাহত: আদিবাসীরা তাঁদের ওপর হামলার অভিযোগে শহরের সবচেয়ে পুরাতন বাজার তবলছড়ি এবং বনরূপার বিএম শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেট বর্জন অব্যাহত রেখেছেন। গত শনিবার তবলছড়ি বাজার কমিটি হাটের দিনে বাজারে আসা বিভিন্ন মৌজা ও ইউনিয়নের চেয়ারম্যান ও হেডম্যানদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে আদিবাসীরা হামলাকারীদের মধ্যে মাছ ব্যবসায়ী মো. নূর আলম, তরকারি বিক্রেতা মো. হাফিজের ছোট ভাই ও মাহাবুব সেন্টারের কর্মচারী মো. জামালের নাম উল্লেখ করে শাস্তির দাবি জানান। বাজার কমিটির সভাপতি জহির আহমেদ চৌধুরী তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব।’ তবে কখন কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা তিনি বলেননি।