কাল সোমবার ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা বৈঠকে বসছেন। ওই বৈঠকে চট্টগ্রাম মহানগরসহ সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ছাত্রদলের নগর কমিটির সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটিসহ জেলা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ কমিটি এবং সেখানে নতুন কমিটি গঠনের বিষয়টি আলোচনায় স্থান পাবে। তাই আমার ধারণা, চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে।’ প্রসঙ্গত, ২০১০ সালের ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্ব আনতে নগর ছাত্রদলের কাউন্সিলররা ওই বছর ভোটাভুটিতে অংশ নেন। সম্ভাব্য প্রার্থীরা নিজের নাম বাদ দিয়ে পছন্দের পাঁচ নেতার নাম কাগজে লিখে কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেন।দলীয় সূত্র জানায়, ২০১০ সালের আগস্টের ভোটাভুটিতে নগরের ১০৮ জন ও দক্ষিণ জেলার ১৮০ জন কাউন্সিলর অংশ নেন। কথা ছিল, রাজধানী ঢাকা থেকে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা শাখার পাঁচ সদস্যের করে নতুন কমিটি ঘোষণা করা হবে। দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি অনেক আগে ঘোষণা করা হয়েছে। তবে ২৫ মাসেও নগর ছাত্রদলের সম্মেলনের ভোটাভুটির ফলাফল ঘোষণা করা হয়নি। ২০০৩ সালের ঘোষিত কমিটি দিয়ে চলছে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম। দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৩ সালের ২৯ মার্চ চট্টগ্রাম নগর ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর নিয়মিত কাউন্সিল বা কমিটি ঘোষণা না হওয়ায় নগর ছাত্রদলের কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়।নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আবদুল কাদের ভূঁইয়া ও হাবিবুর রশিদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সোমবারের বৈঠকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আলোচনা হবে বলে আমরা শুনেছি। স্নাতকধারী ছাত্রদের নগরের নতুন কমিটিতে জায়গা করে দেওয়া আমাদের দাবি।’