কাল খুলছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আগামীকাল রোববার খুলছে। ছাত্র হোস্টেলের ডাইনিংয়ের ব্যবস্থাপক নিয়োগ করা নিয়ে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়। এর জের ধরে পর দিন বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

এই পরিস্থিতিতে আজ শনিবার দুপুর ১২টায় একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠকে কলেজ আগামীকাল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব বলেন, কাল (রোববার) থেকে ক্লাস-পরীক্ষা চলবে।

কলেজে থাকা দুটি আবাসিক হোস্টেলের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আজ বিকেল চারটায় হোস্টেল খুলে দেওয়া হবে।

৪ অক্টোবর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

শুধু দুটি মেডিকেল কলেজই নয়, গত জুলাই মাসে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর মাসে সিলেটের কানাইঘাট কলেজও ছাত্রলীগের দলাদলিতে বন্ধ হয়ে যায়। ঈদের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার বন্ধ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা খুব হতাশ।