কাল গোপালগঞ্জে জাতীয় রোভার মুটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শান্তিময় জীবন, উন্নত দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জে কাল বৃহস্পতিবার থেকে রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সপ্তাহব্যাপী এ মুট ৩১ জানুয়ারি শেষ হবে।

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় গোপালগঞ্জ শহরতলির মানিকদহের ‘জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হাউজিং প্রকল্পে’ মূল এরিনা এবং টুঙ্গিপাড়ায় ক্যাম্প ইন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার সকালে মানিকদাহ হাউজিং এলাকায় বঙ্গবন্ধু এরিনায় রোভার মুট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং একাদশ জাতীয় রোভার মুটের সাংগঠনিক কমিটির সভাপতি মো. শাহ্ কামাল প্রধান অতিথির বক্তব্য দেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ স্কাউটের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার। অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটের ন্যাশনাল কমিশনার প্রোগ্রামের ন্যাশনাল কমিশনার রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ স্কাউটস প্রতি চার বছর অন্তর ১৭-২৫ বছর বয়সী রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুটের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস এই মুটের আয়োজন করেছে।
১১ জাতীয় রোভার মুটে সার্কভুক্ত দেশগুলো ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ ও বাংলাদেশের সকল জেলা থেকে অংশগ্রহণকারী রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তা মিলে প্রায় ১০ হাজার জন অংশগ্রহণ করবে।
জাতীয় রোভার মুট উপলক্ষে স্থানীয়ভাবে একটি অস্থায়ী বাজারের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় দ্রব্য কিনে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা নিজেরা রান্না করে নিজেদের খাবার গ্রহণ করবে।
একাদশ জাতীয় রোভার মুট উপলক্ষে বাংলাদেশে ডাক বিভাগ উদ্বোধনী খাম ও ১০ (দশ) টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট প্রকাশ ও উন্মোচন করবে।