কাল চট্টগ্রামে রণজিৎ বিশ্বাসের শেষকৃত্য

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক সচিব ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসের মরদেহ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসক। এ ছাড়া শ্রদ্ধা জানান সরকারি কর্মকর্তা, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে এক শোকসভার আয়োজন করা হয়।
শ্রদ্ধা জানাতে আসা মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে রণজিৎ কুমার বিশ্বাসের স্ত্রী শেলী সেনগুপ্তা আক্ষেপ করে বলেন, তাঁর (রণজিৎ বিশ্বাসের) সঠিক মূল্যায়ন হয়নি। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ‘আমি ৩৫ বছরের সাথিকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন বড় মাপের লেখককে। তিনি অনেক কষ্ট নিয়ে চলে গেছেন। তাঁর শূন্যস্থান পূরণে কয়েক যুগ চলে যাবে।’
এ সময় আরও বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার।
রণজিৎ কুমার বিশ্বাসের মরদেহ শীতাতপ নিয়ন্ত্রিত লাশঘরে সংরক্ষণ করা হয়েছে। মেয়ে উপমা বিশ্বাস দেশে ফেরার পর কাল রোববার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরার নিজ গ্রামে তাঁর শেষকৃত্য হওয়ার কথা। গত বৃহস্পতিবার বিকেলে তিনি চট্টগ্রামে শেষনিশ্বাস ত্যাগ করেন।