কাল চাঁদপুরে অনলাইন ইলিশ বাজার ও মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে কাল বুধবার অনলাইন ইলিশ বাজার কার্যক্রম উদ্বোধন হচ্ছে। এ ছাড়া কাল দুপুরে চাঁদপুর ক্লাবে ইলিশ মেলারও উদ্বোধন হবে।
ইলিশ বাজার চালুর পর দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনেই ইলিশ কিনতে পারবেন ক্রেতারা। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এলাকায় বেলা তিনটায় এই অনলাইন ইলিশ বাজার উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।
চাঁদপুর জেলা প্রশাসন এই অনলাইন বাজার চালুতে সহায়তা করছে স্থানীয় মৎস্য বণিক সমিতিকে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই (সার্বিক, আইসিটি ও শিক্ষা) আজ প্রথম আলোকে বলেন, দেশ-বিদেশ থেকে যে কেউ অনলাইনে ইলিশ অর্ডার দিতে পারবেন। ইলিশ পাঠানোর খরচ গ্রাহককেই বহন করতে হবে। সরকারের অনুমোদন পেলেই বিদেশে ইলিশ পাঠানোর ব্যবস্থা করা হবে।
আবদুল হাই বলেন, ‘কেউ দেশের অন্যত্র বা বিদেশে বসে ইলিশ কিনে আমাদের কাছে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এ জন্য যোগাযোগ করতে পারবেন ইলিশ বাজারের এই ওয়েবসাইটে: www.chandpuirilish.com। তবে এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন। এটি চালু হতে আরও কয়েক দিন লাগবে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, অনলাইনে শুধু ইলিশ নয়, পাশাপাশি নদ-নদীর তাজা সব ধরনের মাছ বিক্রি করা হবে। আর এসব মাছের দাম নির্ধারিত থাকবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, যে সময়গুলোতে ইলিশ ধরা বন্ধ থাকবে, তখন অনলাইন ইলিশ বাজারও বন্ধ থাকবে।
ইলিশ মেলা: চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন জানান, আগামীকাল চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে কাছের চাঁদপুর ক্লাবে ইলিশ মেলা অনুষ্ঠিত হবে। সেখানে ইলিশের ২৭টি পদ পরিবেশিত হবে। যে কেউ ৫০০ টাকা টিকিট করে এ মেলায় অংশ নিতে পারবেন। মোট ৪০০ টিকিট রয়েছে। এসব পদ রান্না করার জন্য সেরা রাঁধুনির পুরস্কারও রয়েছে। বেলা একটায় এ মেলা শুরু হবে। ভূমি সংস্কার বিভাগের সচিব এম এন জিয়াউল আলম মেলার উদ্বোধন করবেন।