বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞাকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লা ও নোয়াখালীর চার উপজেলায় কাল শনিবার সকাল-সন্ধ্যায় হরতাল ডাকা হয়েছে।
নোয়াখালী
মওদুদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় স্থানীয় বিএনপি হরতাল আহ্বান করেছে। মওদুদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার রাতে নোয়খালীর বসুরহাট শহরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম হরতাল ঘোষণা করেন।
এদিকে, বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং দলের চেয়ারপারসনের কার্যালয় পুলিশ ঘেরাও করে রাখার খবরে রাত সাড়ে নয়টার দিকে শহরের পৌরবাজার এলাকায় আল-আমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা। একই সময় বিএনপি কর্মীরা শহরের টাউনহল মোড়, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস ও পিকআপভ্যানসহ অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের প্রধান সড়কের পাশে সব দোকানপাট এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ও পুলিশ লাইন থেকে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শহরে পুলিশের সতর্ক পাহারা বসানো হয়েছে।
এ ব্যাপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি শান্ত রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা
এম কে আনোয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ কথা জানান।
এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী প্রতিবাদ মিছিল করে। মিছিলটি হোমনা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সভা করে।