কাল চালু হচ্ছে সংসদ টেলিভিশন
আগামীকাল সংসদে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ভাষণ সম্প্রচারের মধ্য দিয়ে সংসদ টেলিভিশনের যাত্রা শুরু হবে। রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারের আগে এই বিশেষ টেলিভিশন চ্যানেল সম্পর্কে স্পিকার আবদুল হামিদ সংসদে একটি ঘোষণা দেবেন বলে জানা গেছে।এরপর থেকে সংসদ অধিবেশন চলার সময় পুরো সংসদ কার্যক্রম এই টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন বন্ধ থাকলে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত তা চলবে।গত শনিবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সংসদ অধিবেশন শুরুর দিনই এ চ্যানেলটি চালুর সিদ্ধান্ত হয়। গতকাল রোববার সংসদ ভবনে এক প্রস্তুতিমূলক সভায় সম্প্রচারের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়।জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতায় প্রাথমিকভাবে সীমিত আকারে এ চ্যানেলের সম্প্রচার কার্যক্রম চলবে। সংসদ টেলিভিশন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলে পর্যায়ক্রমে সম্প্রচারের সময় বাড়ানো হবে। ইতিমধ্যে এই চ্যানেলের লোগো, সূচনাসংগীতসহ নির্মিত প্রামাণ্যচিত্র অনুমোদন করা হয়েছে।