বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটির অঙ্গ সংগঠন ছাত্রদল।
আজ বুধবার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক এক বিবৃতিতে অভিযোগ গঠনের নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তাঁরা বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে এই ফ্যাসিবাদী সরকার বিএনপিকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বাংলাদেশের মাটিতে বেঁচে থাকতে তাদের এই দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না।’
আজ দুপুরে ঢাকার একটি বিশেষ আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন করেন। একই সঙ্গে খালেদা জিয়া ও অন্য পাঁচ আসামির বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করা হয়।