কাল হরতাল ডেকেছে জামায়াত

কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ রোববার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সকালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণা করার তারিখ ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের তারিখ ঘোষণার পর হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। দলটি বলেছে, ‘বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করে জামায়াতকে নিশ্চিহ্ন করার সরকারি ষড়যন্ত্রের’ প্রতিবাদে এবং গোলাম আযমের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও জামায়াত হরতাল দিতে বাধ্য হয়েছে। ‘অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যার জন্য সরকারের ষড়যন্ত্র’ রুখতেই এই হরতাল, এমন দাবি করেছে দলটি।