
সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক আগামীকাল ১৮ জুলাই ১৮ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে ফেইম নাট্যকলা বিভাগ মঞ্চে নিয়ে এসেছে কার্লো গোলদোনির কমেডি নাটক দ্য সারভেন্ট অব টু মাস্টার্স অবলম্বনে নওকর শয়তান মালিক হয়রান। সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে।
নিজের প্রেমিকের খোঁজে ভেনিস শহরে আসে বিয়েত্রিচে রাসপোনি। সঙ্গে আসে ভৃত্য ত্রোফালদিনো। কিন্তু ভেনিসে এসে ত্রোফালদিনো আরও এক মালিকের কাজ শুরু করে। দুই মালিকের চাকরি করতে গিয়ে ঘটায় উদ্ভট সব কাণ্ডকারখানা। সৃষ্টি হয় হাস্যরসের। হাসির নাটকটির এটি হবে ত্রয়োদশ মঞ্চায়ন। নাটকটির অনুবাদ ও নির্দেশনায় আছেন ফেইম পরিচালক অসীম দাশ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যিশু দাশ, মুবিদুর সুজাত, পলি চৌধুরী, হাসিবুল আলম, বাপ্পী সিকদার, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, প্রেম পাঠক, সানোয়ার সুমন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল রিশিকা ও সাজ্জাদ হোসেন। বিজ্ঞপ্তি।