নীলফামারী জেলার ডোমার উপজেলায় কাল সোমবার অর্ধদিবস পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ।
মোটর শ্রমিকনেতা আবদুল ওয়াদুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার দুপুরে উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়।
শ্রমিকনেতা বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি আতিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ ডিসেম্বর রাত নয়টার দিকে ডোমার উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল ওয়াদুদকে (৬০) হত্যার উদ্দেশ্যে তাঁর বাসার সামনে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তিনি শহর থেকে সাহাপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ ঘটনায় ২ জানুয়ারি ডোমার থানায় একটি মামলা দায়ের হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।