কাল ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগ
দশম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা অঞ্চলের আসর বসছে আগামীকাল। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেবে। সকাল নয়টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভাষা প্রতিযোগের কার্যক্রম শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করবেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
সকাল নয়টায় উদ্বোধনের পরে ৪০ মিনিটের পরীক্ষা, এরপর প্রশ্নোত্তর পর্ব এবং বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে নিবন্ধিত শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে অনুষ্ঠান স্থলে আসতে অনুরোধ করা হয়েছে।