কাল ঢাকা সফরে আসছেন এফএওর মহাপরিচালক
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো দ্য সিলভা দুই দিনের সফরে কাল রোববার ঢাকা আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল শুক্রবার বলা হয়, এফএও বাংলাদেশের খাদ্যনিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা; অতিদরিদ্র, প্রান্তিক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্যনিরাপত্তা; জরুরি পরিস্থিতিতে খাদ্যবলয়ের ঝুঁকি নিরসন ও কৃষি বিপণন; জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে সহায়তা করছে। গত তিন বছরে এফএও বাংলাদেশে ৩৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।মহাপরিচালক নির্বাচিত হওয়ার আগে জোসে গ্রাজিয়ানো দ্য সিলভা ব্রাজিলের বিশেষ মন্ত্রী হিসেবে খাদ্যনিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্রাজিলের ক্ষুধার্ত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ‘জিরো হাঙ্গার’ কর্মসূচি গ্রহণ করেন, যা একটি সফল কর্মসূচি হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত হয়।