কাল ঢাকায় আসছেন মাহাথির মোহাম্মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ কাল শনিবার সকালে ঢাকায় আসছেন। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) দ্বিতীয় সমাবর্তনে যোগ দিতে তিনি আসছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাল বেলা তিনটায় ইউআইটিএসের সমাবর্তন অনুষ্ঠানে ‘সমাবর্তন বক্তা’ থাকবেন মাহাথির মোহাম্মদ। ওই দিন রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে মাহাথিরের। রোববার তিনি ঢাকা ছাড়বেন। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইউআইটিএসের উপাচার্য মুহাম্মদ সামাদ এসব তথ্য জানান। তিনি জানান, এবারের সমাবর্তনে মোট ছয় হাজার ৮১ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। এর মধ্যে ১৫ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, সহ-উপাচার্য কে এম সাইফুল ইসলাম খান।