কাল ঢাকায় বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভার গুরুত্ব শীর্ষক আলোচনা
বিএনপির ‘তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার গুরুত্ব’ শীর্ষক সর্বশেষ আলোচনা সভা কাল মঙ্গলবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে। সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।মহানগর নাট্যমঞ্চে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ঢাকা ও এর আশপাশের পাঁচটি জেলার বিএনপির ইউনিয়ন প্রতিনিধিরা আলোচনা সভায় যোগ দেবেন।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ বলেন, ঢাকায় অনুষ্ঠিত সভায় বিএনপির নেতাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হবে।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক, খায়রুল কবির ও ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ: বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল মুক্তাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সমাবেশে বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ।সমাবেশ শেষে মুক্তাঙ্গন থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন, বিজয়নগর হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।