কাল শনিবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার পর্যন্ত আবারও ৮৩ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
গতকাল বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন। এ নিয়ে গত ২৬ নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ দফা অবরোধের ডাক দিল ১৮-দলীয় জোট। চতুর্থ দফার অবরোধের শেষ ২৪ ঘণ্টায়ও গতকাল ১১টি জেলায় যানবাহন, দলীয় কার্যালয় ও দোকানপাটে ভাঙচুর, আগুন, ককটেল হামলা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন জামায়াতের এক কর্মী। লালমনিরহাট-বুড়িমারী সড়কের সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নির্বাচনী সভায় যোগ দেওয়া নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। অবরোধকারীরা ৪২টি মোটরসাইকেল ও নির্বাচনী মঞ্চে আগুন দেন। আহত হন পাঁচজন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাণ্ডব চালিয়েছেন।
রাজনৈতিক সহিংসতার শিকার আরও দুজনের মৃত্যু হয়েছে গতকাল বৃস্পতিবার। এ নিয়ে গত ২৪ দিনে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১৬।
যুবলীগের নেতার মৃত্যু: গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বেসরকারি হাসপাতালে যুবলীগের নেতা আবদুল জব্বারের (২৫) মৃত্যু হয়। ১০ ডিসেম্বর রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে জামায়াত-শিবিরের হামলায় আহত হন তিনি।
আবদুল জব্বারের ভাই আবদুল মান্নান জানান, ওই দিন রাত ১২টার দিকে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। তারা জব্বারকে কুপিয়ে মারাত্মক জখম এবং ঘরের আসবাব তছনছ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
মোটরসাইকেলচালক নিহত: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-কামদিয়া রাস্তায় বিদ্যুতের খাম্বা ফেলে রেখেছিলেন অবরোধকারীরা। পাঁচবিবি বাজার থেকে বুধবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কয়েশপুর গ্রামের ইসমাইল হোসেন (২৪) ও একই ইউনিয়নের আমিরপুর গ্রামের জাকেরিয়া (২৩) ও খায়রুল ইসলাম (২২) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবিবি-কাময়িদা রাস্তার ফিচকাঘাটায় অবরোধকারীদের ফেলে রাখা বিদ্যুতের খাম্বার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেনের (২৪) মৃত্যু হয়। আরোহী জাকেরিয়া ও খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ: সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, সাতক্ষীরার আলীপুর-রইচপুর সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়েছে। যৌথ বাহিনী সকাল সাড়ে নয়টার দিকে ওই সড়ক যাতায়াতের উপযোগী করার উদ্দেশ্যে সড়কের ওপর থেকে গাছ সরাচ্ছিল। এ সময় জামায়াত-শিবির যৌথ বাহিনীর ওপর হামলা চালায়। তারা কাচের বোতল, ককটেল, পেট্রলবোমা নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে যৌথ বাহিনী গুলি চালায়। এতে জামায়াতের কর্মী আমিনুর রহমান (৪০) গুলিবিদ্ধ হন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। আশাশুনি উপজেলায় আটক হয় তিনজন। এ নিয়ে যৌথ বাহিনী গত চার দিনে ৫৪ জনকে আটক করল।
অভিযানের পর তাণ্ডব: মেহেরপুর সদর উপজেলার রাজনগরে সকালে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৩৭ জন নেতা-কর্মীকে আটক করে যৌথ বাহিনী। এ সময় কিছু উত্তেজিত লোক রাজনগর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামায়াতের নেতা আলিহিম, হিজুলী গ্রামের জব্বার মাস্টারসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালায়। সকাল নয়টায় এ অভিযান শেষ হলে জামায়াতের কর্মীরা পার্শ্ববর্তী হিজুলী গ্রামে তাণ্ডব চালান।
গ্রামবাসীর অভিযোগ, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াতের নেতা জাব্বারুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী রবিউল সর্দ্দার, ইদ্রিস আলী, সাইদুর রহমান ও কাওসার আলীর ব্যবসাপ্রতিষ্ঠান এবং শাহাবুদ্দিন আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা।
জামায়াত-গ্রামবাসী সংঘর্ষ: কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় সকালে জামায়াত-শিবির একটি মিছিল বের করে। মিছিলটি দেখে স্থানীয় এক যুবক কটূক্তি করলে ভোগডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল হাইয়ের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ বেধে যায়। প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন জামায়াতের নেতা আবদুল হাই। এতে ক্ষুব্ধ হয়ে জামায়াতের কর্মীরা জাহেদুলের চায়ের দোকান ভাঙচুর করলে সেখানে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় আবদুস ছবুর নামে জামায়াতের আরও এক কর্মী আহত হন।
ভাঙচুর, আগুন: চট্টগ্রামের সীতাকুণ্ডে বুধবার রাতে ছয়টি ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। সাংসদ এ বি এম আবুল কাসেম মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কয়েকটি ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সিলেট নগরের সুবিদবাজার এলাকায় বিকেলে কয়েকটি গাড়ি ভাঙচুর ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় বিরোধী জোট। পুলিশ ফাঁকা গুলি করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল এলাকায় ভোররাতে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। ভাঙচুর করা হয় আরও দুটি ট্রাক। সিরাজগঞ্জের কোনাবাড়ী এলাকায় দুটি ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি কমপক্ষে পাঁচটি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন।
এদিকে বরিশাল নদীবন্দরে থেমে থাকা এমএল শাহীন এক্সপ্রেস নামের একটি ছোট লঞ্চে সকালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মালিকপক্ষ নাশকতা দাবি করলেও নৌ-নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনা বিভাগ বলছে, ইঞ্জিনে কাজ করানোর সময় আগুনের সূত্রপাত।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৮-দলীয় জোটের মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে।
আ.লীগের নেতা-কর্মীদের তাণ্ডব: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের আওয়ামী লীগ-দলীয় প্রার্থী ফাহমি গোলন্দাজ গতকাল উপজেলার রাওনা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় যান। প্রচারণা শেষে ফেরার পথে ভালুকা-গফরগাঁও সড়কের হাটুরিয়া এলাকায় অবরোধকারীদের গাছের গুঁড়িতে ফাহমি গোলন্দাজের গাড়ি আটকা পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর কর্মী-সমর্থকেরা তাৎক্ষণিক উপজেলার হাটুরিয়া এলাকা ও তেজপাতা বাজারে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করেন। সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরে চালানো হয় তাণ্ডব। আওয়ামী লীগের নেতা-কর্মীরা পৌর শহরের গোহাটা মোড়, শিবগঞ্জ রেলগেট, মেক্সি স্যান্ড ও পাটমহাল এলাকায় নির্বিচারে দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালান। কমপক্ষে ৩০টি দোকান ভাঙচুর ও আটটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পাঁচজন আহত হন।
ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ: চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ১০ জন হন। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত ছাত্রদলের কর্মী রনি মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় সকালে ১৮-দলীয় জোটের সমাবেশে দুই পক্ষের হাতাহাতি থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন কয়েকটি ককটেল ফাটানো হলে পুলিশ লাঠিপেটা, ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে ১১ নেতা-কর্মী আহত হন। পুলিশের ছররা গুলিতে আহত মহানগর বিএনপির সদস্য ললিক আহমদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেট্রলবোমা উদ্ধার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগগরিয়া গ্রামে নুর আমিনের বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে সকালে পরিত্যক্ত অবস্থায় নয়টি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাজধানীর চিত্র: সকাল ১০টার দিকে পুরান ঢাকার অবরোধ সমর্থকদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে স্থানীয় দর্জি দোকানি আজিম বিশ্বাস (২২) ও মো. সোহাগ (২৬) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেলের আঘাতে তাঁদের দুজনের পা ঝলসে যায়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]