কাল থেকে আমার ভাষার চলচ্চিত্র উৎসব
দুই বাংলার চলচ্চিত্র নিয়ে কাল শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩ ’। বাংলা চলচ্চিত্রকে সাধারণ দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ১৬ বছর ধরে এই আয়োজন করছে।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের ১৬ তম আয়োজনে দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১০টা, দুপুর দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় মোট চারটি প্রদর্শিত হবে।
‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র শিল্পের প্রসারে বিশেষ অবদান রাখছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হান প্রথম আলোকে বলেন, বাংলা চলচ্চিত্রের সুদীর্ঘ যাত্রাকে তুলে ধরার প্রয়াস এই উৎসব। বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার ও মানোন্নয়নে এই চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
উৎসবের প্রথম দিনে কাল সকালে প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ‘জন অরণ্য’। এরপর মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ আজিজুর রহমান পরিচালিত ‘ছুটির ঘণ্টা’ এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘সিনেমাওয়ালা’ প্রদর্শিত হবে। ১১ ফেব্রুয়ারি সুবর্ণরেখা, খেলা, অনিল বাগচির একদিন, অজ্ঞাতনামা, ১২ ফেব্রুয়ারি মহানায়ক, মাটির ময়না, আদমসুরত, শঙ্খচিল, ১৩ ফেব্রুয়ারি পিচ ঢালা পথ, পালাবি কোথায়, রক্ত ও জালালের গল্প, ১৪ ফেব্রুয়ারি স্টপ জেনোসাইড, হঠাৎ বৃষ্টি, শিকারি ও মনপুরা চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এবারের আয়োজনে আর্থিক সহযোগিতা করছে মুঠোফোন প্রতিষ্ঠান উই।
আয়োজকেরা জানান, ১৪ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা দেওয়া হবে লেখক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরুকে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৬ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংসদ তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র সংসদ কর্মী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক মসিহউদ্দীন শাকের এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।