কাল থেকে উৎপাদনে যাচ্ছে কাফকো
প্রায় চার মাস বন্ধ থাকার পর কাল বৃহস্পতিবার থেকে সার উৎপাদন শুরু করতে যাচ্ছে কর্ণফুলী সার কারখানা (কাফকো)। আসন্ন আমন মৌসুমের জন্য এ উৎপাদন-প্রক্রিয়া শুরু হচ্ছে। গ্যাস সরবরাহ করার জন্য কাফকো কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডকে (কেজিডিসিএল) চিঠি দিয়েছে। আর গ্যাস সরবরাহের প্রস্তুতি রয়েছে কেজিডিসিএলের। তবে এই সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হলে চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (বিতরণ) রেজাউল করিম চৌধুরী কাফকোর চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাফকোর চাহিদার ব্যাপারে আমাদের সম্মতি রয়েছে।’কাফকোর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেখ শফি আহমদের সই করা চিঠিতে ১৫ আগস্ট কারখানায় সার উৎপাদনের জন্য ৪৮ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা উল্লেখ করা হয়েছে। তবে এই কারখানার গ্যাসের মূল চাহিদা হচ্ছে ৬৩ মিলিয়ন ঘনফুট।এ ছাড়া উৎপাদন শুরুর প্রস্তুতি হিসেবে গতকাল ৫ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস, আজ বুধবার ১৭ থেকে ৩৫ মিলিয়ন ঘনফুট এবং কাল বৃহস্পতিবার সকালে কারখানায় ৩৫ থেকে ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের চাহিদা উল্লেখ করা হয়েছে।চট্টগ্রামে সবচেয়ে বেশি গ্যাসের চাহিদা রয়েছে বিদ্যুৎ ও সার উৎপাদনকেন্দ্রগুলোতে। রেশনিং পদ্ধতিতে এসব কেন্দ্রে গ্যাস সরবরাহ করে থাকে কেজিডিসিএল। প্রতিবারের মতো এবারও একই পদ্ধতিতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কমিয়ে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করা হবে বলে কেজিডিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান। সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে গত এপ্রিলে সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। আগস্টের শুরুতে চালু করার কথা থাকলেও রমজান ও ঈদের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।