কাল থেকে এক মাসের জন্য বন্ধ হচ্ছে কালুরঘাট সেতু
মেরামতের জন্য চট্টগ্রামের কালুরঘাট সেতু আগামীকাল রোববার থেকে প্রায় এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। গাড়ি পারাপারের জন্য সেতুর নিচে কর্ণফুলী নদীতে ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম ও দোহাজারী লাইনের জানালীহাট ও গোমদণ্ডী স্টেশনের মাঝামাঝি দোহাজারী প্রান্তে সেতুর ৬, ৭ ও ৮ নম্বর স্প্যানের লাইন এলাইনমেন্ট, গেজ ও লেভেল মেরামত শুরু করবে। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অনুরোধ করে আমরা সেতুর নিচে ফেরি সার্ভিস চালু করার ব্যবস্থা করেছি, যাতে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। এক প্রশ্নের জবাবে তাফাজ্জল হোসেন আরও বলেন, কালুরঘাট সেতু মেরামত করতে এক মাস লেগে যেতে পারে। তাই বিকল্প হিসেবে ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ফেরি চালু করতে আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে। কর্ণফুলী নদীর দুই প্রান্তের গাড়ি পারাপারের জন্য একটি ফেরি সার্বক্ষণিক চালু থাকবে। গাড়ির সংখ্যা বাড়লে আরেকটি ফেরি আমরা ব্যবহার করব। ইতিমধ্যে আমাদের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ করে রোববারের মধ্যে ফেরি চালু করতে চাই আমরা।’ রেলওয়ে সূত্র জানায়, ব্রিটিশ আমলে কালুরঘাট সেতু তৈরি হয়। চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের সংযোগ ঘটায় এই সেতুটি। বিগত বিএনপি সরকারের আমলে এটি সর্বশেষ মেরামত করা হয়। গাড়ি চলাচলের কারণে সেতুর স্প্যানের কিছু অংশ নষ্ট হয়ে গেছে। তাই মেরামত অনিবার্য হয়ে পড়ে বলে রেলওয়ের প্রকৌশলীরা জানিয়েছেন।