কাল থেকে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কারের দাবিতে আবারও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে কুষ্টিয়া জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটি কাল বুধবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করবে। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, রাস্তা সংস্কারের জন্য অনেকবার সওজকে চিঠি দেওয়া হয়েছে। এর পরেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অনেকটা বাধ্য হয়ে গত রোববার বিকেলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারের দরপত্র প্রতিবেদন মূল্যায়নের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে শিগগির কাজ শুরু হবে। রাস্তা গাড়ি চলাচলের জন্য ইট-বালি দিয়ে কাজ করা হচ্ছে। এ ছাড়া আমাদের কিছুই করার নেই।’রাস্তা সংস্কারের দাবিতে জেলায় এর আগেও দুইবার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল।