কাল থেকে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যশোরের চাঁচড়া মোড়ে যশোর সড়ক পরিবহন শ্রমিক কার্যালয়ে ১০ জেলার শ্রমিকনেতাদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফেডারেশনের সভাপতি আজিজুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর এই আদেশ দেন।

কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ডের ঘানি মাথায় নিয়ে শ্রমিকেরা রাস্তায় গাড়ি চালাবে না বলে জানিয়ে দিয়েছে। যে কারণে আমরা শ্রমিকদের দাবির মুখে কাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি।’ তিনি জানান, জামিরের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে।

শ্রমিকনেতা এম জেনারেল ইসলাম প্রথম আলোকে বলেন, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।