কাল থেকে খুলনার ১০ জেলায় বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবিতে খুলনা বিভাগের ১০টি জেলায় আগামীকাল বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। গতকাল সোমবার দুপুরে যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির কার্যালয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবদুল রহিম বক্স প্রথম আলোকে জানান, চার দফা দাবি হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা করা বন্ধ ও শাস্তির মেয়াদ তিন বছর থেকে সাত বছর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, ড্রাইভিং লাইসেন্সে ইস্যু জটিলতা নিরসন ও দুর্নীতি বন্ধ করে লাইসেন্স ভলিউমভুক্ত নবায়নের ব্যবস্থা করা, যানবাহন পরীক্ষার নামে পুলিশি হয়রানি, ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করা এবং সড়ক ও মহাসড়কের পাশে স্থাপিত হাটবাজার বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ করা।

আবদুল রহিম বক্সের ভাষ্য, ‘৩০২ ধারায় মামলা করা বন্ধ ও শাস্তির মেয়াদ কমাতে হবে। পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে। মহাসড়কে অবৈধ ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ করতে হবে। কারণ, ইঞ্জিনচালিত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। তার দায় নিতে হচ্ছে আমাদের চালকদের। এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আমরা এই ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।’