কাল থেকে চট্টগ্রামে অটোরিকশা চলবে মিটারে
চট্টগ্রাম নগরে মিটার ছাড়া সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেবে না পুলিশ। কাল সোমবার থেকে মিটার ছাড়া কেউ অটোরিকশা রাস্তায় নামালে সেই গাড়ি জব্দ এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার বিকেলে চট্টগ্রাম চেম্বারের এক সেমিনারে বলেছেন, কাল (সোমবার) থেকে চট্টগ্রামে অটোরিকশা চলবে মিটারে। এর কোনো ব্যাত্যয় সহ্য করা হবে না।
এদিকে আজ রোববার পর্যন্ত বন্দর নগর চট্টগ্রামের এক-চতুর্থাংশের কাছাকাছি সংখ্যক গাড়িতে মিটার মেরামত বা সংযোজন হয় বলে চালক ও মিটার সংযোজন কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন। পুলিশ বলেছে, এই সংখ্যা প্রায় ৫০ শতাংশ। মিটার সংযোজন বা মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় চট্টগ্রাম নগরে দুই দফায় তিন মাস সময় বাড়িয়েছে। যদিও ঢাকা মহানগরে তিন মাস আগে গত ১ নভেম্বর থেকে মিটারে অটোরিকশা চলাচল শুরু হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার বিকেলে হোটেল র্যাডিসন ব্লু চিটাগাংয়ে অনুষ্ঠিত ওই সেমিনারে আরও বলেন, ‘ঢাকায় আমরা নভেম্বরে মিটার চালু করেছি। তখন চট্টগ্রামে মিটার সংযোজনের জন্য মালিকসহ বিভিন্ন পক্ষ সময় চেয়েছিল। আমরা সময় দিয়েছি। আর কোনো সময় দেওয়া হবে না।’
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, ‘যন্ত্রপাতি ও মিটারের যন্ত্রাংশের অভাবে মন্ত্রণালয় দুই দফায় তিন মাস সময় বাড়িয়ে দিয়েছিল। এবার মন্ত্রণালয় থেকে সময় আর বাড়ানো হয়নি। তাই আমরা ১ ফেব্রুয়ারি থেকে মিটার ছাড়া সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় নামতে দেব না। আইন অমান্য করলে যানবাহন আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে মাসুদ-উল হাসান বলেন, ‘চট্টগ্রাম মহানগরে পুরোনো ১৩ হাজার অটোরিকশার নিবন্ধন আছে। সবগুলো গাড়ি এখন আর রাস্তায় নেই। যেগুলো আছে তার প্রায় অর্ধেক অটোরিকশায় মিটার মেরামত ও নতুন ভাড়া সমন্বয় (কেলিব্রেশন) এবং নতুন মিটার সংযোজন হয়েছে। মিটার সচল থাকলেই রাস্তায় অটোরিকশা চলবে।’
গত বছরের মাঝামাঝি সিএনজির দাম বাড়ানোয় সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও পুনঃনির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ঠিক করা হয়েছে ৪০ টাকা, যা আগে ছিল ২৫ টাকা। অটোরিকশায় উঠলে ৪০ টাকা সর্বনিম্ন ভাড়া হওয়ার কথা। এবার প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে দুই টাকা করে, যা আগে ছিল এক টাকা ৪০ পয়সা।
একইভাবে চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও বাড়িয়েছে বিআরটিএ। মালিকের জমা বাবদ এখন প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করে দিতে হবে চালককে, এতদিন যার পরিমাণ ছিল ৬০০ টাকা। এর আগে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সরকার ঢাকা ও চট্টগ্রাম নগরের জন্য অটোরিকশা কিলোমিটারপ্রতি যে ভাড়া এবং মালিকদের দৈনিক জমার পরিমাণ ঠিক করে দিয়েছিল, তা কখনোই কার্যকর করা যায়নি বলে অভিযোগ ওঠে।
চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘পুরোনো ১৩ হাজারের মধ্যে সাত থেকে সাড়ে সাত হাজার অটোরিকশা রাস্তায় চলাচল করে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেবল পুরোনো অটোরিকশা মিটারে চলবে। এর মধ্যে ২০ থেকে ২৫ শতাংশের মতো অটোরিকশায় পুরোনো মিটার সচল ও কেলিব্রেশনের কাজ শেষ হয়েছে। কিছু পুরোনো অটোরিকশায় নতুন মিটারও লাগানো হয়েছে।’
হারুনুর রশিদ আরও বলেন, ‘আমাদের সমিতির অধীনে নতুন আরও তিন হাজার ৩০৬টি নতুন অটোরিকশা রয়েছে। আমরা উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে ওই গাড়িগুলোতে মিটার লাগানোর চেষ্টা করছি। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট হয়েছে।’
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম নগরে এবার আটটি কোম্পানিকে মিটার কেলিব্রেশন, মেরামত ও সংযোজনের জন্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। বেশির ভাগ কোম্পানি অনেক আগে থেকে মিটারের কাজ করার জন্য প্রস্তত ছিল। কিন্তু মালিক সংগঠনের সদস্যরা এতদিন গা করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। মিটার মেরামতের জন্য গত সপ্তাহ থেকে সংযোজন কোম্পানির গ্যারেজে নিবন্ধন শুরু হয়।
মিশু এন্টারপ্রাইজের প্রতনিধি মঞ্জুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোম্পানি বিগত চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম নগরে তিন হাজার ৩৫১টি গাড়িতে মিটার সংযোজন করে দেয়। এবার সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে মাত্র ছয় দিন আগে থেকে মিটার মেরামত, কেলিব্রেশন ও সংযোজনের জন্য প্রায় এক হাজার গাড়ি এসেছে। আমরা আজ (রোববার) পর্যন্ত ৫২১টি গাড়ির মিটার মেরামত ও কেলিব্রেশন করেছি। নতুন সংযোজন হয়েছে আরও ২৫টি গাড়িতে। আসলে গাড়ির মালিকেরা আরও আগে আসলে আমরা দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে দিতে পারতাম। এখন আরও কিছু দিন সময় লাগবে।’