কাল থেকে ছুটিতে যাচ্ছেন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া আগামীকাল শুক্রবার থেকে দুই মাসের ছুটিতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উপাচার্য ছুটিতে যাওয়ায় আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একাংশের চলমান আন্দোলন কর্মসূচি ‘আপাতত’ স্থগিত বলে জানিয়েছেন ওই শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম।

সিন্ডিকেট, প্রশাসন ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। সভায় তিনি তাঁর ব্যক্তিগত-পারিবারিক কারণ দেখিয়ে ১ মে থেকে দুই মাসের ছুটি মঞ্জুর করিয়ে নেন। এর পরপরই আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলটি দেখা করে বেরিয়ে আসার পর উপাচার্য সাংবাদিকদের ডেকে আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে যাওয়ার কথা জানান।

এ বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রথম আলোকে জানান, উপাচার্য তাঁর ছুটি সাত দিনে এগিয়ে এনেছেন। ফলে আগামীকাল শুক্রবার থেকে উপাচার্য দুই মাসের ছুটিতে যাচ্ছেন।

এদিকে উপাচার্য ছুটিতে যাওয়ায় আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ আপাতত তাঁদের কর্মসূচি স্থগিত করেছেন বলে জানিয়েছেন ওই শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পদত্যাগকারী শিক্ষকদের একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ শিক্ষকদের বসার জন্য কতটি কক্ষ ও কতটি শ্রেণিকক্ষ বরাদ্দ পাবে, তা নিয়ে ওই দুই ফোরামের দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ দুজনের একজন পদার্থবিজ্ঞান বিভাগের ও অন্যজন পুর ও পরিবেশ কৌশল বিভাগের।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকের পক্ষ হয়ে পদার্থবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের কয়েকজন শিক্ষক ওই দ্বন্দ্ব নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে সম্প্রতি তাঁর সাক্ষাতের অনুমতি চান। কিন্তু তা মেলেনি। পরে ১২ এপ্রিল এ পক্ষের ১১ জন শিক্ষক আকস্মিকভাবে তাঁর সঙ্গে দেখা করতে যান। এ সময় উপাচার্য তাঁর স্ত্রীর অসুস্থতার খবর পাওয়ায় তাঁদের বেশি সময় দেননি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন উপাচার্য সবাইকে সংযত আচরণ করতে বলেন। এর জের ধরেই পদত্যাগপত্র জমা দেন ওই ৩৫ শিক্ষক। পদত্যাগপত্রে শিক্ষকেরা ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে সম্মানিত বোধ করছি না’ বলে উল্লেখ করেন।

পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে তাঁরা ক্যাম্পাসে মানববন্ধন পালন করছেন। আজ দুপুর ১২টায়ও উপাচার্যের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা।