কাল থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা মাঠপর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের সেবা দেওয়ার কাজ বন্ধ হয়ে গেছে। কাল মঙ্গলবার থেকে পরিচয়পত্রের সেবা সংশ্লিষ্ট উপজেলা ও থানা কার্যালয়ের মাধ্যমে নিতে হবে। 

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কেন্দ্রীয় দপ্তরের ওপর অতিরিক্ত চাপ পড়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম। তিনি আজ সোমবার প্রথম আলোকে বলেন, জাতীয় পরিচয়পত্রের জন্য সবাই ঢাকায় ছুটে আসছেন। এতে নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের স্বাভাবিকভাবে কাজ ব্যাহত হচ্ছে। তবে যারা দেশের বাইরে থাকেন, যৌক্তিক মনে করলে কমিশন তাঁদের কেন্দ্রীয়ভাবে সেবা দেবে।
কমিশন সচিবালয় থেকে জানা গেছে, বর্তমানে জাতীয় তথ্যভান্ডারে নয় কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন ভোটার রয়েছেন। ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হয়। তখন ভোটার ছিল আট কোটি ১০ লাখ। সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল ঘোষণায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য দুই লাখ ৬৫ হাজারের বেশি আবেদন জমা পড়ে। পরিচয়পত্র না থাকলে বেতন-ভাতা পাওয়া যাবে না বিধায় কমিশন জরুরি ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র বিতরণ ও সংশোধনের কাজ শুরু করে।
এ ছাড়া কমিশন ভোটারদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের ভুলভ্রান্তি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ পর্যন্ত মোট ছয় লাখ ১৩ হাজার ২৮৯ জন ভুল সংশোধনের আবেদন করেছেন।