কাল থেকে ডায়াবেটিক মেলা শুরু
ডায়াবেটিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে কাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডায়াবেটিক মেলা। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মেলা শুরু হবে।
গতকাল মঙ্গলবার ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী, সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান ও মেলার সমন্বয়ক হাসিনা আকতার।
চট্টগ্রামে ডায়াবেটিস রোগীদের সচেতন করার লক্ষ্যে ষষ্ঠবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ডায়াবেটিস রোগ নির্ণয়ের মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বিশেষ হ্রাসকৃত মূল্যে পাওয়া যাবে। এক্সিকিউটিভ চেকআপ, ডায়রিয়া, নিউমোনিয়া, জরায়ু মুখের ক্যানসারের টিকার (ভ্যাকসিন) ওপর থাকবে বিশেষ ছাড়। মেলার প্রথম দিন থাকছে বিনা মূল্যে গাইনি ক্যাম্প।