কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে নেতৃত্ববিষয়ক সম্মেলন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনের ইয়ুথ লিডারশিপ সামিট তথা নেতৃত্ববিষয়ক সম্মেলন।
দেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) সম্মেলনের আয়োজন করছে। এ সম্মেলনে পাঁচটি মহাদেশ থেকে ৫০০ জন দেশি-বিদেশি তরুণ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় লিডারশিপ অ্যাসোসিয়েটের বিশেষজ্ঞসহ ৫০ জন জাতীয় ও আন্তর্জাতিক বক্তা একত্র হবেন।
যুক্তরাজ্য সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সম্মেলনটির প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সম্মেলনের সহযোগী হিসেবে থাকছে।
সম্মেলনে অংশগ্রহণকারী তরুণেরা নেতৃত্বের কর্মশালা প্রশিক্ষণের পাশাপাশি জনসেবা, শিক্ষা ও কর্মজীবন, টেকসই উন্নয়ন, জনকল্যাণমূলক উদ্ভাবন, জেন্ডার ও নেতৃত্ব, সুশাসন, কার্যকরী নাগরিকত্ব, তরুণদের উদ্যোগসহ কয়েকটি পর্বের আলোচনায় অংশ নেবেন। এ পর্বগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলবেন এবং আলোচনার মাধ্যমে একই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলবেন।
এ সম্মেলনের মাধ্যমে একটি প্রজ্ঞাপন গঠন করা হবে, যেটা সৃজনশীলতা ও বিভিন্ন মহাদেশের সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির আলোকে যৌথভাবে তৈরি করা হবে। তরুণেরা সরকারের কাছ থেকে যেসব বিষয় আশা করে থাকেন, সেগুলো প্রজ্ঞাপনটিতে যুক্ত করা হবে। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের দিন প্রজ্ঞাপনটি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে উপস্থাপন করা হবে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের বাংলাদেশ প্রতিনিধি সারাহ কুক বলেন, ‘জন-নেতৃত্ব হলো সততা, লক্ষ্য নির্ধারণ, সমঝোতা এবং সুযোগকে কাজে লাগানোর ক্ষমতার মাধ্যমে সুন্দর ভবিষ্যত্ গড়ার লক্ষ্যে কোনো সংস্কারমূলক কিংবা পরিবর্তনমূলক কাজ করা। আমি আশা করি, এই তিন দিনে বাংলাদেশের সেরা এবং উজ্জ্বল তরুণেরা জনকল্যাণে তাঁদের কর্মজীবন গড়ে তুলতে উদ্বুদ্ধ হবেন।’
বাংলাদেশে জাতিসংঘের স্থানীয় তত্ত্বাবধায়ক নিল ওয়াকার বলেন, ‘বাংলাদেশের তরুণদের নিয়ে আমার সরাসরি পর্যবেক্ষণের ভিত্তিতে বলতে চাই, নিঃসন্দেহে বাংলাদেশ তার তরুণদের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমি আমার চেনা এবং আমার সঙ্গে কাজ করা অনেক তরুণের দ্বারা অনুপ্রাণিত। এবং আমি বিশ্বাস করি, তাঁরাই পথ প্রদর্শক হিসেবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’