কাল থেকে ঢাকায় জাতীয় বিজ্ঞান জয়োত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানের রীতিনীতির প্রতি আগ্রহী করে তোলা এবং একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের জাতীয় পর্ব শুরু হচ্ছে কাল রোববার থেকে। ঢাকার খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) কনভেনশন সেন্টারে ১৫টি আঞ্চলিক পর্বের বিজয়ীরা এই জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রকল্প ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান কাল সকালে দুই দিনের এই উৎ​সব উদ্বোধন করবেন। সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এই উত্সবের আয়োজন করেছে।
গত ১১ মে ঢাকার সিটি ব্যাংক সেন্টারে বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পর রংপুর, রাজশাহী, বগুড়া, খুলনা, কুষ্টিয়া, সিলেট, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, নরসিংদী, ময়মনসিংহ, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় আঞ্চলিক উৎ​সবে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ৯৪২ জন জাতীয় এ পর্বে অংশগ্রহণ করছে।
শিক্ষার্থীদের কাল সকাল ৮টায় উত্সব প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলেছেন বিজ্ঞান জয়োত্সবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান। তিনি আরও জানান, উত্সব প্রাঙ্গণে এসে রেজিস্ট্রেশন বুথ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রথম দিন নির্বাচিত বিজ্ঞান প্রকল্প সমূহ উপস্থাপন ও প্রদর্শিত হবে।
পরদিন (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন দেশের বরেণ্য বিজ্ঞানী ও শিক্ষাবিদগণ। সকাল সাড়ে ১১টায় সমাপনী পর্বে বিজয়ীদের পুরস্কৃত করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুদিনের এ আয়োজনের বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য বিজ্ঞানী রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞান জয়োৎ​সবের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিক-ই-রাব্বানী, অধ্যাপক জেসমিন, ড. লিয়ানা ইসলাম, ড. নুরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ শামস ইবনে তারিক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, শূন্য গ্র্যাভিটির অভিজ্ঞতাসম্পন্ন জ্যোতির্বিদ এফ আর সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরশাদ চৌধুরী, নোভা আহমেদ প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত থাকবেন সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক।
আঞ্চলিক বিজ্ঞান জয়োত্সবের সব বিজয়ীকে সার্টিফিকেট ও কমলা রঙের টি শার্ট পরে সকাল আটটায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন (কেআইবি), খামারবাড়ি, ঢাকায় উপস্থিত থাকতে বলা হয়েছে। টি-শার্ট না থাকলে কেবল বিজয়ীর সার্টিফিকেট নিয়ে হাজির হলেও চলবে বলে জানা গেছে। ফার্মগেট পুলিশ বক্স থেকে সংসদ ভবনের দিকে সামান্য এগিয়ে গেলেই হাতের ডান পাশে পড়বে মিলনায়তনটি।
প্রতিযোগিতা ছাড়া সকল পর্বই সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।