কাল থেকে ঢাকায় মানব পাচার রোধে নয় দেশের পুলিশের সম্মেলন
মানব পাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসী ঠেকাতে নয় দেশের পুলিশের আন্তর্জাতিক সম্মেলন হবে ঢাকায়। পুলিশ সংস্কার প্রকল্প এই সম্মেলন ডেকেছে। আগামীকাল মঙ্গলবার দুই দিনের সম্মেলন শুরু হবে গুলশানের একটি হোটেলে। পাচার প্রতিরোধ নিয়ে নয় দেশের মধ্যে নেটওয়ার্ক তৈরির জন্য এই সম্মেলন ডাকা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পদস্থ পুলিশ কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি উপস্থিত থাকবেন।
পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, দুনিয়াজুড়ে মানব পাচারকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা এখন এশিয়া ছাড়িয়ে ইউরোপ ও আফ্রিকাতে আস্তানা গড়েছে। মানব পাচার এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার পথ বের করার চেষ্টা হবে সম্মেলনে। পাশাপাশি সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে অনুরোধ জানানো হবে, তারা যাতে মানব পাচারকারীদের চিহ্নিত করতে পারে, তাদের আশ্রয়দাতা ও গডফাদারদের খুঁজে বের করে। তিনি বলেন, মানব পাচার কোনো একক দেশের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। এ কারণে একসঙ্গে কাজ করার বিকল্প নেই। সম্মেলনে অবৈধ অভিবাসীদের নিরাপত্তা নিয়েও আলোচনা হবে।